খেয়ালির বিবৃতি
আমার মৃত্যু হয়ে গেলে আমি খেয়ালই করবো না
আমার শোকসভার পাশ
দিয়ে হেঁটে যাবো, খেয়ালই করবো না
দূরাগত পাখির সাথে
হাওয়ার বার্তা নিয়ে কথা হবে
মহল্লা ভরে যাবে
অগণিত আত্মার তারায়, খেয়ালই করবো না!
শুরু ও শেষের হিসাব
ভুলে যাবো
নি:শব্দ আলাপে কতো
শতাব্দী চলে যাবে, খেয়ালই করবো না!
আমি আদৌ কোনো কবরে
থাকবো না
আমার কবর থেকে অগণিত
অভ্যুত্থানে মিশে যাবো,
খেয়ালই করবো না!
পথের কোথাও আমাকে
নিয়ে ঝগড়া করবে লোকে
কেউ তো কাফির বলবে,
কেউ বলবে মহান
উভয়ের প্রেমে আমি
থাকবো, খেয়ালই করবো না
আমি তো দুনিয়ায়
ভিখারি ছিলাম মদের
সহসা কীভাবে নিজে
মদ হবো, খেয়ালই করবো না!
আমি কি এ পারের
কিংবা ও পারের, প্রশ্ন অবান্তর
এ পার ও পার কীভাবে
গিলে খাবো, খেয়ালই করবো না
কিংবা জীবিত অথবা
মৃত, বলার কিছুই নেই
জীবন-মরণ পেরোবো
কীভাবে, খেয়ালই করবো না!


No comments
Thanks a lot dear.